আগামী ৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আহ্বান করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেন।

এদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে বলে বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।

ওদিকে সংসদ সচিবালয়ের উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ সরকারি মন্ত্রণালয়কে এ সংক্রান্ত গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ বাংলাদেশ টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও অন্যান্য সংবাদ মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে। যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top