ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত মরা ধুরুং খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ এমরান। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
এলাকাবাসী জানান, মুনাফখীল মাদ্রাসা থেকে হাদি বাপের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালটি বছরের পর বছর সংস্কারের অভাবে ভরাট হয়ে পড়ে আছে। প্রায় ৫০ বছর ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় খালের অধিকাংশ অংশ দখল ও ময়লা-আবর্জনায় ভরে যায়। একসময় এ খালে প্রচুর মাছ পাওয়া যেত এবং এটি স্থানীয় কৃষি ও পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
বর্তমানে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে কৃষকরা ঠিকমতো চাষাবাদ করতে পারছেন না এবং জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয়রা আরও জানান, অতীতে সাবেক চেয়ারম্যান ও মেয়রদের কাছে একাধিকবার খাল খননের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে ব্যবসায়ী মোহাম্মদ এমরানের উদ্যোগে খাল খননের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জসীম উদ্দীন বলেন, প্রায় তিন বছর আগে খালটি খননের জন্য টেন্ডার করা হয়েছিল। তবে কিছু জটিলতার কারণে টেন্ডারটি বাতিল হয়ে যায়। বর্তমানে খাল খননের উদ্যোগকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই।
ধুরুংয়ের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, একসময় মানুষ এই খাল থেকে মাছ ধরত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, অবৈধ দখল ও ভরাটের কারণে এখন পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই নালার পানি রাস্তাঘাট ও মানুষের বাড়িঘরে ঢুকে পড়ে। এটি অত্যন্ত দুঃখজনক। খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ী এমরানের জন্য আমরা দোয়া করি।
এলাকাবাসীর মতে, খালটি পুনঃখনন করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, দুর্গন্ধ দূর হবে এবং কৃষিজমি পুনরায় চাষাবাদের আওতায় আসবে। এতে এলাকার পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






