ফটিকছড়ি প্রতিনিধি: পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কর্মস্থলে কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ফটিকছড়ির মো. শহীদ উল্লাহ বাবু নামে এক প্রবাসীর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শহীদ উল্লাহ বাবু ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা শামসুল হুদার ছেলে।
নিহতের ভাই বদিউল আলম মুন্না জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে মক্কা নগরীর আতবিয়া এলাকায় একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন শহীদ উল্লাহ বাবু। এ সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শহীদ উল্লাহ বাবু দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। দেশে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা স্বজনেরা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তাঁর পরিবার।
চাটগাঁ নিউজ/ফরিদ/এসএ






