চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ভোরে শহীদ বশরুজ্জামান গোলচত্বর সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবর আলীর ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর প্রায় পৌনে পাঁচটার দিকে নতুন ব্রিজ এলাকার পুলিশ বক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আশিকুল ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন






