চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
আইটি হেল্পডেস্ক জানিয়েছে, হজ পালনে গিয়ে এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন ও মদিনায় দুজন মারা গেছেন।
সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার মাহফুজা বেগম (৫২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
বুলেটিন থেকে আরও জানা গেছে, এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৪৪৩ জন হজযাত্রী।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২১টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।
এ ছাড়া হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।
চাটগাঁ নিউজ/এমকেএন





