এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমসে ভারত কিংবা শ্রীলঙ্কার তুলনায় কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়াকে পেয়েছে টাইগাররা।

আগামী ২৯ সেপ্টেম্বর শেষ আটের ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তির বিচারে দুই দলের মধ্যে ব্যবধান বেশ বড়। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে মালয়েশিয়ার অবস্থান ২৫তম, যেখানে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে।

কাগজে-কলমে বাংলাদেশের জন্য সেমিফাইনালের পথ কিছুটা সহজ মনে হলেও এখনই পরের ধাপ নিয়ে ভাবতে চান না টাইগাররা। কোয়ার্টার ফাইনালের ম্যাচটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে দল। আপাতত মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েই পুরো মনোযোগ বাংলাদেশের।

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘এ মুহূর্তে আমরা কোয়ার্টার ফাইনাল নিয়ে চিন্তা করছি। এরপর ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব।’

ইতোমধ্যে জাপানে পৌঁছেছে বাংলাদেশ দল। দেশটির ক্রিকেট কাঠামোর সীমাবদ্ধতা এবং এশিয়ান গেমসের পিচ নিয়ে নানা আলোচনা থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। আগামী ২৭ সেপ্টেম্বর দলের অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মেঘলা ও বৃষ্টিস্নাত আবহাওয়া অনুশীলনে বাধা হয়ে দাঁড়াতে পারে।

দলের বর্তমান পরিস্থিতি ও অনুশীলন পরিকল্পনা নিয়ে নাফিস ইকবাল বলেন, ‘গতকাল আমরা সবাই দুই গ্রুপে এসে পৌঁছেছি। আমরা সবাই ভালো আছি। আজ আমাদের ডে-অফ ছিল। প্র্যাকটিস ছিল না। ভ্রমণের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে যার যার মতো করে জিম সেশন করছে।’

অনুশীলনের সূচি নিয়ে আবহাওয়ার অনিশ্চয়তার কথাও জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার। তিনি বলেন, ‘কাল আমাদের প্র্যাকটিস আছে। তবে যেহেতু এখন বৃষ্টি আছে, প্র্যাকটিস সূচি একই থাকবে নাকি পরিবর্তন হবে, তা জানা নেই। সবাই দোয়া করবেন, যে লক্ষ্য নিয়ে এসেছি, তা যেন অর্জন করতে পারি।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top