নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় হাটহাজারী দ্রুতযান সার্ভিসের বেপরোয়া বাসের ধাক্কায় পেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আতুরার ডিপো মোড়ে নূর টাওয়ারের সামনে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন ওই বৃদ্ধা।
মোহাম্মদ হারুন নামে এক প্রত্যক্ষদর্শী চাটগাঁ নিউজকে জানান, হাটহাজারী থেকে আসা বেপরোয়া গতির একটি বাস আতুরার ডিপো মোড়ে এসে ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পেয়ারা বেগম আমিন কলোনির শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি ভিক্ষা করে ও বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
এদিকে ঘটনাস্থলে আসা এসআই এনাম চাটগাঁ নিউজকে বলেন, নিহত বৃদ্ধার লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিস্তারিত সিপ্লাস টিভিতে………..
চাটগাঁ নিউজ/টিপু/জেএইচ






