বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির চেষ্টা, যুবক আটক

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্য পরিবেশ থেকে ধরে আনা টিয়াপাখি বিক্রির চেষ্টার অভিযোগে ইয়াছিন হোসেন রুবেল (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৪ মে) উপজেলার বাণীগ্রাম নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াছিন হোসেন রুবেল সাধনপুর ইউনিয়নের ভোলমারা এলাকার বাসিন্দা।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বন্য পরিবেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি ধরে এনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্রির জন্য বিজ্ঞাপন দিতেন। বিষয়টি নজরে এলে চট্টগ্রাম বনবিভাগের এক ওয়াইল্ডলাইফ রেসকিউয়ার ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তীতে বাঁশখালীর রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মা টিয়াপাখি ও তিনটি বাচ্চা টিয়াপাখি উদ্ধার করা হয়।

আটকের পর একই দিন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে তাকে একই আইনের ৩৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাঁশখালী উপকূলীয় বনবিভাগের বিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

উদ্ধার করা চারটি টিয়াপাখিকে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পরিচর্যার পর সেগুলো বন্য পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি বন্য পাখি ধরে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জসিম/এমকেএন

Scroll to Top