চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা স্থানীয় বাসিন্দা মো. বাবুলের মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়।
পরিবার সূত্রে জানা যায়, সকালে চাচা মো. রাসেলের সঙ্গে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে যায় মাইশা। গোসল শেষে দু’জনেই বাড়িতে ফিরে আসে। তবে কিছুক্ষণ পর মাইশাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই পুকুর থেকেই তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে আবার পুকুরে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।
পরে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






