বাঁশখালীতে এসি বাস আটকে যাত্রী নামিয়ে দেওয়ার অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রেমবাজার এলাকায় পেকুয়া থেকে ছেড়ে আসা ‘এস আর পরিবহন’ নামের একটি যাত্রীবাহী এসি বাস আটকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মালিক সমিতির পরিচয় দেওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে।

রবিবার (৩ মে) সকাল ১০টার দিকে মগনামা ঘাট ও পেকুয়া থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বাঁশখালীর প্রেমবাজার এলাকায় পৌঁছালে একদল যুবক বাসটির গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী যাত্রীদের সূত্রে জানা যায়, ওই ব্যক্তিরা নিজেদের বাঁশখালী বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্য পরিচয় দিয়ে বাসটি আর সামনে যেতে পারবে না বলে জানায়। পরে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীকে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের মালামালসহ দ্রুত বাস থেকে নেমে যেতে বাধ্য করা হয়।

হঠাৎ মাঝপথে বাস থেকে নামিয়ে দেওয়ায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বাসের এক যাত্রী রাকিব জানান, প্রেমবাজার এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই লাগেজ নিয়ে রাস্তায় নামতে বাধ্য হই। পরে অনেক কষ্টে স্থানীয় সিএনজি অটোরিকশা ও ছোট যানবাহনে করে চট্টগ্রামে পৌঁছাতে হয়েছে।

তিনি আরও বলেন, পেকুয়া থেকে চট্টগ্রাম রুটে এসি বাসের ভাড়া মাত্র ২০০ টাকা হওয়ায় যাত্রীদের জন্য এটি ছিল স্বস্তিদায়ক। কিন্তু এ ধরনের হয়রানির ঘটনায় যাত্রীরা ক্ষুব্ধ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশখালী বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই রুটে এসি বাস চলাচলের জন্য তাদের থেকে পূর্ব অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না—এমন অবস্থান থেকেই বাসটি আটকে দেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিকে পুনরায় পেকুয়ার দিকে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় পেকুয়া-চট্টগ্রাম রুটের নিয়মিত যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাধারণ মানুষ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা বাস মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসি বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে বাইরের কোনো বাস বাঁশখালীর সড়ক ব্যবহার করলে সমিতির নিয়ম অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রেমবাজারের আজকের ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top