চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ব্যাংকে তালা, গ্রাহকদের বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং হেয়ারকাট পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা।

রবিবার (৩ মে) সকাল ১১টার দিকে নগরের খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখার সামনে তারা জড়ো হয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রাহকেরা শাখাটিতে তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, তাদের জমা টাকার ওপর মুনাফা কর্তন বা ‘হেয়ারকাট’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্ধারিত মেয়াদ শেষে কিংবা জরুরি প্রয়োজনে সম্পূর্ণ আমানত ফেরত দেওয়ার পাশাপাশি দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান তারা।

গ্রাহকদের অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। নানা অজুহাতে ব্যাংকগুলো টাকা ফেরত দিচ্ছে না, ফলে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। একীভূতকরণের পর ব্যাংক ব্যবস্থাপনায় অস্থিরতা বেড়েছে বলেও দাবি করেন তারা।

বিক্ষোভ চলাকালে শাখা ব্যবস্থাপককে না পেয়ে গ্রাহকদের ক্ষোভ আরও বাড়ে। পরে তিনি ঘটনাস্থলে এলে উত্তেজনা সৃষ্টি হয় এবং দ্রুত সমাধানের দাবি তোলা হয়। একই সঙ্গে দাবি পূরণ না হলে চট্টগ্রামের অন্যান্য ব্যাংকেও তালা দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

এদিকে ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে গ্রাহকদের জানান, ‘হেয়ারকাট’ ছাড়াই আমানত নবায়নের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top