মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

চাটগাঁ নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় শ্রমিকবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট নগর থেকে কয়েকজন নির্মাণ শ্রমিক একটি ডিআই পিকআপযোগে লালাবাজার এলাকায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে তেতলী বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির সজোরে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হন।

গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ জনে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), সিলেটের লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আহত সাতজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ—উভয় যানবাহনের চালক পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তও চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বেশিরভাগই দিনমজুর ও নির্মাণ শ্রমিক হওয়ায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top