আনোয়ারায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরল এক প্রাণ

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারস্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নটু মিত্র উপজেলার বোয়ালগাঁও এলাকার হিমাংশু মিত্রর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, টানেল সংযোগ সড়ক মোড় থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে চৌমুহনী বাজার থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী জানান, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এর আগে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top