চাটগাঁ নিউজ ডেস্ক: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এমন কোনো কার্ড থাকলে দিন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদীঘিতে ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমরা বাংলাদেশের একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা ভেবেছিলাম, এ সংকট খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সংকট আরও বাড়ছে। বর্তমান সরকারের আমলে সংকট আরও ঘনীভূত হয়েছে।’
তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, আমরা আস্তে আস্তে আগের আমলে ফিরে যাচ্ছি। আবার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এভাবে পেছনের দিকে যেতে যেতে আমরা প্রস্তর যুগেও চলে যেতে পারি। আমরা আবার ডিজিটাল যুগ থেকে এনালগ যুগে ফিরে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সরকার গঠনের পর মূল সমস্যাগুলোতে হাত না দিয়ে তারা ব্যর্থ হয়ে পড়েছে। জনগণের মৌলিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমন কোনো কার্ড যদি থাকে, যে কার্ড দিলে বাসায় গ্যাস পাব, বিদ্যুৎ পাব- দয়া করে আমাদের সেই কার্ড দিন।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দেশে ১১ দলীয় জোটসহ অনেক রাজনৈতিক দল রয়েছে। জনগণের প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ারও আহ্বান জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ ও সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





