চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) ওরফে চনা বাদশা নামে এক দোকানির মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা বাজার সংলগ্ন নিজ গোয়ালঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে। তিনি স্থানীয় বাজারে চনা-মুড়ির দোকান পরিচালনা করতেন।
নিহতের ভাই মামুন জানান, খামারে কাজ করার সময় একটি ছেঁড়া বৈদ্যুতিক তার দেখতে পান বাদশা। তারটিতে বিদ্যুৎ নেই মনে করে স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম। তিনি জানান, রবিবার সকালে নিজ গরুর খামারে কাজ করার সময় ছেঁড়া বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বাদশা বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






