আনোয়ারায় দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দোকান নির্মাণকে কেন্দ্র করে ইজারাদার ও মার্কেটের ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ দেলোয়ার ও আলী মার্কেটের ব্যবসায়ী সুমন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী কাঁচাবাজারসংলগ্ন আলী মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সংঘর্ষে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাতরী চৌমুহনী বাজারের আলী মার্কেটের সামনে কাঁচাবাজারের ব্যবসায়ীরা একটি দোকান নির্মাণ করেন। এ নিয়ে আলী মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। পরে আলী মার্কেটের ব্যবসায়ীরা এনসিপির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন দোকানটি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত চারজন আহত হন বলে জানা গেছে।

এদিকে, ঘটনাটিকে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়রা জানিয়েছেন, মূলত দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যবসায়ীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক বিরোধের সম্পর্ক নেই। তবে এনসিপি পরিচয়ে কয়েকজনকে দোকান ভাঙচুরের সময় দেখা গেছে বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, দোকান নির্মাণকে কেন্দ্র করে ইজারাদার ও মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ীসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top