ক্রীড়া ডেস্ক: জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও শেষ পর্যন্ত সিরিজ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে ১-১ সমতায় সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের।
শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ১৫ ওভারে নেমে আসে। নির্ধারিত সময়ে ব্যাটিং ব্যর্থতায় ১৪ ওভার ২ বলে ১০২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে তাওহিদ হৃদয়, লিটন দাস ও সাইফ হাসান ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সাইফ ১১ বলে ১৬, লিটন ১৭ বলে ২৬ এবং হৃদয় ২৪ বলে ৩৩ রান করেন। নিউজিল্যান্ডের জস ক্লার্কসন নেন ৩ উইকেট।
১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ১২ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে যান—কানতে ক্লার্ক ১ ও ড্যান ক্লেভার ১ রান করে আউট হন।
এরপর টিম রবিনসন আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে ১৪ বলে ২৩ রান করে তিনি আউট হলে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ।
তবে শেষ পর্যন্ত বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফটের দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। তাদের ৪০ বলে ৭১ রানের অপরাজিত জুটিতে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে কিউইরা।
জ্যাকবস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি তুলে নেন। তিনি ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





