নগরজুড়ে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা চসিক মেয়রের

চাটগাঁ নিউজ ডেস্ক : গত এক বছরে চট্টগ্রাম নগরীতে প্রায় ২ লাখ গাছ লাগানো সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

এই ধারাবাহিকতায় আগামী এক বছরের মধ্যে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নগর ভবনে আয়োজিত সৌন্দর্যবর্ধন ও সবুজায়নবিষয়ক এক সমন্বয় সভায় এ কথা জানান প্রশাসক। সভায় তিনি রূপকল্প বাস্তবায়নে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতা বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।

প্রশাসক বলেন, আমাদের প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। এটি একটি দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ। দেশের প্রতিটি নাগরিক যদি বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসে, তাহলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, এ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে নগরীতে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত এক বছরে বিমানবন্দর থেকে মোহরা এবং সিটি গেট থেকে কর্ণফুলী পর্যন্ত প্রায় ২ লাখ গাছ লাগানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে নগরীতে ১০ লাখ গাছ রোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

প্রশাসক আরও বলেন, নগরীর কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সব মিড-আইল্যান্ডকে ফুল ও সবুজে ভরিয়ে তোলা হচ্ছে। সড়কের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নগরীর বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ করা হচ্ছে। ইতোমধ্যে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং মধ্যবর্তী সড়কদ্বীপে জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ, শিউলিসহ প্রায় ১০ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় জাতের গাছ লাগানো হয়েছে। বিমানবন্দর এলাকায় শোভা ছড়াচ্ছে নানা রঙের ফুল। প্রতিদিন পানি দেওয়া, আগাছা পরিষ্কারসহ এসব গাছ রক্ষণাবেক্ষণেরও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গাছগুলোর ফোটা ফুল নাগরিকদের দিচ্ছে নান্দনিক আনন্দ।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top