বিরোধী দলের দ্বিচারিতার রাজনীতি জাতি প্রত্যাখ্যান করেছে: মীর হেলাল

চাটগাঁ নিউজ ডেস্ক: বিরোধী দল মহান জাতীয় সংসদে বসে এক ধরনের বক্তব্য দেয় আর বাইরে এসে ঠিক তার উল্টো বক্তব্য দেয়। এই দ্বিচারিতার রাজনীতি জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

তিনি বলেছেন, ‘৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, জাতীয়তাবাদী যুবদল বিএনপি পরিবারের সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন। যুবদলের নেতাকর্মীরা পলাতক ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের প্রশ্নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, পলাতক খুনি হাসিনার শাসনামলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার এ দেশে ফিরে আসার সুযোগ নেই। আর আসতে চাইলে দেশের প্রচলিত আইনে বিচার হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক আমরা ঐক্যবদ্ধ থাকব, সংগঠনকে শক্তিশালী করব, মানুষের পাশে দাঁড়াব। তিনি এসময় যুব সমাজকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, আমাদের প্রত্যকের দায়িত্ব ব্যক্তি স্বার্থের উর্ধ্বে ওঠে দলীয় শৃঙ্খলা পারস্পরিক সম্মান এবং জনমানুষের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া। একটি সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে চট্টগ্রাম মহানগর যুবদলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। চট্টগ্রাম মহানগর যুবদল অতীতের ন্যায় সুশৃঙ্খল ও ঐকবদ্ধ সংগঠন।

বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন বলেন, যুব ঐক্য প্রগতির মূলমন্ত্রে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী যুবদল সগৌরবে এগিয়ে যাচ্ছে আপন মহিমায়। প্রতিহিংসা নয়, সহনশীলতা, বিভেদ নয়, ঐক্য, দখল দারিত্ব নয়, জনসেবায় হোক আমাদের রাজনৈতিক চর্চার মূল ভিত্তি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ মুসা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, অ্যাডভোকেট ফিরোজ, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুমসহ প্রমুখ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top