চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে আকমল আলী স্লুইচগেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পতেঙ্গা আউটপোস্ট এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিদেশি মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন






