ফটিকছড়িতে মুরগির খামার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টাইগার ক্লাব এলাকায় অবস্থিত সজিব মাস্টারের মুরগির খামারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দা রতন ত্রিপুরা প্রায় আড়াই থেকে তিন বছর ধরে ওই খামারে কর্মরত ছিলেন। সোমবার রাতে খামারের মালিক সজিব মাস্টার বাসা থেকে তার জন্য খাবার নিয়ে খামারে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান (মুজিব মেম্বার)। তিনি জানান, রতন দীর্ঘদিন ধরে খামারে কাজ করছিলেন। রাতেই খামারের মালিক তাকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top