চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বর্তমানে দলটির চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। তিনি জানান, সোমবার (২০ এপ্রিল) রাতে নগর জামায়াতের মজলিশে শূরার বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন চসিক নির্বাচনকে সামনে রেখে গত ফেব্রুয়ারি থেকেই প্রার্থী বাছাইয়ের সাংগঠনিক কার্যক্রম শুরু করে জামায়াত। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের মতামতের ভিত্তিতে গোপন ভোট গ্রহণ করা হয়।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পাঁচজনের একটি তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়। তালিকায় ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মোহাম্মদ শফিউল আলম এবং ডাকসুর সাবেক ভিপি সাদিক কাইয়ুম।
পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে চূড়ান্তভাবে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। নগর জামায়াতের শূরা বৈঠকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





