চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড় থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) এবং নুর বশর (২০)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার কয়েকজন ব্যক্তি কাজের উদ্দেশ্যে পূর্ব পাড়া পাহাড়ে গেলে সেখানে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে মরদেহগুলো শনাক্ত করেন এবং পুলিশকে জানানো হয়।
নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় অথবা ভোরে তাদের অপহরণের পর হত্যা করে পাহাড়ে ফেলে রেখে গেছে। তবে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
টেকনাফের শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন





