চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার সূচনা হয়।
এবার চট্টগ্রাম বোর্ডে মোট ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৭৩ জন—অর্থাৎ মেয়েদের অংশগ্রহণ তুলনামূলক বেশি।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগভিত্তিক অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান শাখায় ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক শাখায় ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার মোট ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলায় সবচেয়ে বেশি ৯২ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া কক্সবাজারে ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ জন এবং বান্দরবানে ৩ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম মাঠ পর্যায়ে কাজ করবে।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





