বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ছয়জন রোগী হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু।
আলীকদম স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুর্গম কুরুকপাতা এলাকায় চারজন এবং উপজেলা সদরে আরও দুজন রোগীর সন্ধান পাওয়া গেছে।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, বিষয়টি জানার পরপরই উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। ইতোমধ্যে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, আক্রান্ত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্গম কুরুকপাতা এলাকায়ও একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে, যাতে দ্রুত চিকিৎসা ও সেবা নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পাশাপাশি এলাকাবাসীকে সচেতন থাকার এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন






