আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী জমিদার এরশাদ আলী সরকারের ১২৯তম বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার।
২০১৯ সালে কোভিড-১৯ মহামারির কারণে মেলা বন্ধ হয়ে যায়। পরবর্তী বছর রমজান মাসের কারণে আয়োজন সম্ভব না হওয়ায় দীর্ঘ ৭ বছর ধরে বলিখেলা ও মেলা অনুষ্ঠিত হয়নি। অবশেষে এ বছর পুনরায় ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা হচ্ছে।
গত মঙ্গলবার জমিদার এরশাদ আলী এস্টেটের এক সভায় এবারের মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামের এরশাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলাটি অনুষ্ঠিত হবে। মেলাকে ঘিরে পুরো গ্রামে চলছে নানা উৎসব আয়োজন।
জানা যায়, মোগল আমলে তৈলারদ্বীপ গ্রামের জমিদার এরশাদ আলী সরকার বার্মায় ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হন এবং জমিদার হিসেবে পরিচিতি লাভ করেন।
তিনি প্রতি বছর বৈশাখ মাসে বার্ষিক হালখাতা সম্পন্ন করতে ও নতুন হিসাব শুরু করতে নিজ জমিদারির কাচারী প্রাঙ্গণে ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের আয়োজন করতেন। এ উপলক্ষে প্রজারা একত্রিত হতেন। তাদের বিনোদনের জন্য ১৮৯০ সালের দিকে তিনি নিজ গ্রামে বলিখেলা ও বৈশাখী মেলার আয়োজন শুরু করেন।
সেই ধারাবাহিকতায় বংশ পরম্পরায় প্রতি বছর ৪ঠা বৈশাখ তৈলারদ্বীপ সরকার বাড়ি, হাট ও উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
এ মেলাকে ঘিরে গ্রামে একটি বিশেষ সামাজিক রীতি প্রচলিত রয়েছে। মেলার দিনে গ্রামের বিবাহিতা নারীরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে ‘নাইওর’ আসেন। কথিত আছে, বিয়ের সময় কনের পরিবার শর্ত জুড়ে দেন—মেলার দিনে মেয়েকে নাইওরে পাঠাতে হবে। এ প্রথা এখনও প্রচলিত রয়েছে।
জমিদার এরশাদ আলী সরকারের ওয়ারিশ ও এস্টেট সদস্য হানিফ মোহাম্মদ এনামুল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন মেলা ও বলিখেলা বন্ধ ছিল। আমাদের বংশের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার নতুন করে মেলার আয়োজন করা হয়েছে। সবাইকে মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





