বগুড়ায় যুবককে হত্যা: চট্টগ্রাম থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : বগুড়া সদরে গাছ থেকে ফল পেড়ে খাওয়া নিয়ে বিরোধের জেরে রবিন হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক পাঁচ আসামিকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৭ ও র‍্যাব-১২-এর যৌথ দল তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আরিফ (৩২), মো. নিবির হোসেন (২৩), মো. শামীম (২৫), মো. রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।

এর আগে ৫ এপ্রিল বগুড়া শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় একটি গোরস্থানের গাছ থেকে আতা ফল পেড়ে খাওয়াকে কেন্দ্র করে রবিন হোসেনের সঙ্গে কয়েকজন যুবকের বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতে মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে চায়নিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।

তবে নিহতের পরিবারের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র এ আর এম মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় দায়ের করা হত্যা মামলার চার এজাহারনামীয় আসামি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন তথ্য পায় র‍্যাব। পরে পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সময় র‍্যাবের আরেকটি দল দক্ষিণ হালিশহর এলাকা থেকে মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top