কক্সবাজারে ছাত্রদল নেতাকে হত্যা, মূল অভিযুক্ত তারেক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকায় ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) ভোরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতের এই হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের ধরতে অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে তারেকের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানাতে নেওয়া হয়।

এ ঘটনায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তারিন নামে এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর সংলগ্ন বালিকা মাদ্রাসা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন খোরশেদ আলম। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদ আলম শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি পরিকল্পিত কিনা বা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা জানতে গ্রেপ্তারকৃত তারেক ও হেফাজতে থাকা তারিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top