ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুম্ভারপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মুদির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি একটি সিএনজি ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) ফজরের নামাজের আগ মুহূর্তে মো. মুক্তারের মালিকানাধীন ‘মুক্তারের মুদির দোকান’-এ হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানজুড়ে ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা একটি সিএনজি ও তিনটি অটোরিকশা আগুনের তীব্রতার কারণে বের করার কোনো সুযোগ পাননি স্থানীয়রা।
অগ্নিকাণ্ডে দোকানে থাকা চাল, ডালসহ সব ধরনের পণ্য পুড়ে যায়। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জীবিকার প্রধান মাধ্যম—যানবাহনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দোকান ও যানবাহন মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সময় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকান ও যানবাহন সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তবানদের প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন





