বিএসটিআইয়ের অভিযানে অনিয়ম ধরা, জরিমানা দুই পাম্পে

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ভোক্তা অধিকার ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে দুটি পেট্রোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় অবস্থিত বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে পরিমাপ যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

একই দিনে কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং পেট্রোল পাম্পে ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হলেও তাদের ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি পরিমাপ সঠিক পাওয়া গেছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার।

অন্যদিকে, একই এলাকার খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডে পরিমাপের যথার্থতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

অভিযানে বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয় দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top