চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের ভেন্যু জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৮ মার্চ) জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন শেষে তিনি জানান, মুসল্লিদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময়ভাবে নামাজ আদায়ের লক্ষ্যে গত এক সপ্তাহ ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মিত হয়েছে বিশাল প্যান্ডেল। নিচে কার্পেটিং এবং বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় উপরে টারপলিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৫০টি পাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, ৫০টি মাইক এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মেয়র জানান, প্রতি বছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম হতে পারে। এ কারণে দুটি জামাতের ব্যবস্থা রাখা হয়েছে—প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের যাতায়াত সহজ করতে তিনটি প্রধান গেটের পাশাপাশি পেছনের গেটটিও ব্যবহারের উপযোগী করা হয়েছে, যাতে ভিড় বা বিশৃঙ্খলা না ঘটে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চসিক ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। অপরাধ দমনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি নাগরিকদেরও এ ক্ষেত্রে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
জানা গেছে, কেন্দ্রীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।
এছাড়া চসিকের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন এলাকায় সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে লালদীঘি শাহী জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মসজিদ।
পরিদর্শন শেষে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





