চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়িতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। দুর্ঘটনায় গুরুতর আহত কিনা কুমার ত্রিপুরা (২২) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘি এলাকায় ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নয়ন কর্মকার (১৮), উত্তম উরাং (১৫), তপু কর্মকার (১৬) এবং গুরুতর আহত কিনা কুমার ত্রিপুরা (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার পর কিনা কুমারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার পর তিনি মারা যান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত চারজনই একই মোটরসাইকেলে করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার সময় খাগড়াছড়ি থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন, পাশাপাশি নারী ও শিশুসহ আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, এরপর গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকার রাঙ্গাপানি চা বাগানের উত্তর পাশে। কিনা কুমার ত্রিপুরা মন্দারাম ত্রিপুরার পুত্র।
স্থানীয়রা এই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট করে পথচারীদের নিরাপদ চলাচলের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






