আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সম্প্রতি সৌদি আরবকে ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি এই বৈঠকের মূল আলোচ্য ছিল।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দেশের বিদ্যমান যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির আওতায় ইরান সংশ্লিষ্ট সাম্প্রতিক হামলার বিষয়টি পর্যালোচনা করেন উভয় পক্ষ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে সৌদি ও পাকিস্তানের প্রতিনিধিরা এমন সব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যেগুলো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ইরান পরিস্থিতি মোকাবিলায় সংযম দেখাবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
এই বৈঠকে সৌদি আরবের জেনারেল স্টাফ প্রধান ফায়াজ আল-রুয়াইলি এবং প্রতিরক্ষামন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন সাইফও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়, যা এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এসব হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ১,২৩০ জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ জন বেসামরিক নাগরিক এবং যুক্তরাষ্ট্রের ছয়জন সেনাসদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান সংঘাতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






