চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গত আট দিনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা বিভিন্ন এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এরাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ফ্লাইট ও ২ টি ডিপার্চার ফ্লাইট ও সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
তবে কিছু ফ্লাইট নির্ধারিত সময়েই পরিচালিত হয়েছে। সকালে মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি–৪০১ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে এবং একই এয়ারলাইন্সের ওভি–৪০২ ফ্লাইট যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–১৩৮ ফ্লাইটটি মদিনা থেকে এসে সকালে চট্টগ্রামে পৌঁছায়। আর বিমানের বিজি–১২২ ফ্লাইটটি রাতে মাস্কাট থেকে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এর ফলে নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।
চাটগাঁ নিউজ/এমকেএন






