চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের মাদারবাড়িতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন অন্তত ৭ জন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় পূর্ব মাদারবাড়ি হাজী নছু মালুম লেনস্থ জুতার কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ ৮ জনের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। বাকি ৪ জনের নাম জানা যায়নি।
তিনজন হলেন- নিমাই নিশি (৩০), করিম (২৮) ও মোহাম্মদ ফুরকান (২০)।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, জুমার নামাযের পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আমাদের ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। ছয়তলা ভবনে অবস্থিত জুতার কারখানাটিতে তিনজন আটকা পড়েছিল। আমরা তিনজনকেই জীবিত উদ্ধার করেছি। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বলেন, জুতা তৈরির কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন দগ্ধ হন। শুক্রবার বিকেলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে আনা হয়। বর্তমানে ৭ জন হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
চাটগাঁ নিউজ/এসএ





