ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে বাজারের উত্তর প্রান্তে মহিলা মাদরাসার গেটসংলগ্ন এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য তারেক বিন সালাম টিপু জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর অধিকাংশ মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা মনির জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার ও আগুন নির্বাপণের কার্যক্রম চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top