টেকনাফে মানব পাচারের প্রস্তুতি: নারী-শিশুসহ উদ্ধার ৮

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী একটি শিশু রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। যৌথবাহিনী সূত্র জানায়, ওই এলাকায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকায় করে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। এমন তথ্য পেয়ে যৌথবাহিনীর একটি দল দ্রুত অভিযান চালায়।

এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে নৌকায় করে সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। যৌথবাহিনীর দাবি, পালানোর সময় পাচারকারীরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে পাচারকারীরা ঘটনাস্থলে ভুক্তভোগীদের ফেলে পালিয়ে যায়। এ সময় জড়ো করা অন্য নারী, পুরুষ ও শিশুরাও ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী আজ রোববার মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যৌথবাহিনী সূত্র জানায়, মানব পাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটে নজরদারি জোরদার করা হয়েছে।

এসব অভিযানে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top