চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠান ইলিয়াছ ব্রাদার্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর নেপথ্যের পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে এক বিবৃতিতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি ও সদস্যসচিব নাজিমুর রহমান এ নিন্দা জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জে প্রকাশ্যে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির অপচেষ্টা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ ও উৎপাদনমুখী শিল্পের জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে হামলা, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়।পরিকল্পিতভাবে দেশের স্বাভাবিক পরিবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এসব ঘটনায় প্রশাসনের নীরব থাকার সুযোগ নেই। অবিলম্বে ইলিয়াছ ব্রাদার্সে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
একই সঙ্গে সহিংসতার পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থের জোগানদাতাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।
দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বিএনপির এই দুই নেতা।
চাটগাঁ নিউজ/এসএ






