খাদ্য তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র, হোটেল জামানকে তিন লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক :  নগরের চকবাজারে খাদ্য তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্রসহ নানান অনিয়ম পাওয়ায় জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানে হোটেলটির রান্নাঘরে তেলাপোকার বিচরণ, খোলা ডাস্টবিন, স্যাঁতসেঁতে ও ভাঙা মেঝে এবং মেয়াদোত্তীর্ণ পুডিং পাওয়া যায়। এছাড়া নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র ও তেলাপোকার উপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ, পানীয় পানের স্ট্রতে ময়লা এবং পরিষ্কারের কাজে অননুমোদিত রাসায়নিক ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়।

নিরাপদ খাদ্য চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাদ্য তৈরি ও সংরক্ষণ ব্যবস্থায় বেশকিছু গুরুতর অনিয়ম পাওয়া গেছে। যেগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top