চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের জিইসি মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিততে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিনজনকে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।
সকালে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তারের নেতৃত্বে জিইসি মোড় এলাকায় উচ্ছেদ অভিযান চলে। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল উচ্ছেদ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
বিকেলে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে একই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিনজনকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, নগরের সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এসব স্থান অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিনজনকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরের শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার বলেন, নগরের সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে এসব স্থান দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। নগরবাসীর দুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে চসিক প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ






