চাটগাঁ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর ১৩ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে টেকনাফ থেকে বঙ্গোপসাগরে যাত্রা করে ‘এফভি রিফাত’। মাছ ধরা শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপকূলে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে বোটটি।
বিপদের মধ্যে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
পরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানরত ‘এফভি রিফাত’ থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। একই সঙ্গে ফিশিং বোট ও জেলেদের নিজ নিজ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষের সহায়তায় তাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






