চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাউজান থানা পুলিশের যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজানের মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।
পুলিশ জানায়, কদলপুর এলাকায় একদল ডাকাত জড়ো হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে রাউজান থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ ও জাফরের সঙ্গে রায়হান নামে এক ব্যক্তির ঘনিষ্ঠতার তথ্য পাওয়া গেছে। তারা রায়হানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় এবং অবৈধভাবে বালু উত্তোলনের অর্থ সংগ্রহ করে তার কাছে পৌঁছে দিতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ছাড়া গ্রেপ্তার সাফায়েত হোসেন সিফাত রায়হানের নিয়ন্ত্রণাধীন একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত ছিল বলেও পুলিশ জানিয়েছে। ওই গ্যাংয়ের সদস্যরা এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, রাউজানে রায়হানের নেটওয়ার্ক ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাউজান থানায় ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






