চট্টগ্রামে জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ এনসিপির

চাটগাঁ নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে ও সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ কমানোর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জামাল খান মোড় প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব।

এ সময় বক্তারা সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে জ্বালানি তেলের এই অযৌক্তিক ও গণবিরোধী বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। সাধারণ মানুষের পকেট কেটে খাতের অব্যবস্থাপনা ও লুটপাটের দায় চাপানোর নীতি দেশের জনগণ আর মেনে নেবে না। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে পরিবহন ও কৃষিখাতে যে চরম সংকট তৈরি হয়েছে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।

প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন— মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, ডা. মোহাম্মদ খান ও সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরীসহ দলের নেতারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top