সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

পরে সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষ অংশ নেন।

আবুল মনসুর সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম আবুল মনসুর সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংগঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনেও তিনি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তার জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, কাজী মহিউদ্দিন, ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহমেদ ছলু, ইউসুফ নিজামী, ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সারওয়ার হোসেন লাভলু, জামায়াতে ইসলামীর সাবেক আমির তৌহিদুল হক চৌধুরী, সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেম, ডেপুটি কমান্ডার মহরম আলী, আব্দুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং সর্বস্তরের জনসাধারণ।

পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top