রাঙ্গুনিয়ায় বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বজ্রপাতে একটি বসতঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। তবে ঘটনার সময় ঘরে কেউ না থাকায় প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি স্কুলের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফেরদৌস, যিনি স্থানীয়ভাবে ‘মায়ার মা’ নামে পরিচিত, তাঁর বসতঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় শেষ পর্যন্ত ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীসহ সবকিছু পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. মিজান জানান, বজ্রপাতের সময় ওই ঘরে গ্যাসের চুলা জ্বালানো ছিল। ঘটনার সময় ঘরের মালিক বাইরে অবস্থান করছিলেন। তাঁর ধারণা, বজ্রপাতের তীব্র প্রভাবে গ্যাসের চুলা বা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top