মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালী সমবায় সমিতি সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকা থেকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন বন্ধু মহেশখালীতে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় তারা চকরিয়ার উদ্দেশ্যে ফেরার পথে বড় মহেশখালী সমবায় সমিতি সড়কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে ফয়সাল গুরুতর আহত হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটে। পরে তিনি মারা যান।
নিহত ফয়সাল (৩০) চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইলিয়াসের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, ফয়সাল পেশায় একজন প্রবাসী ছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন






