চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় তৌহিদুর রহমান সোহেল (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুর রহমান সোহেল কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার জহির আহমেদের ছেলে। তিনি চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের মামা সাংবাদিক নাছির নোমান জানান, দুপুরে ভারুয়াখালী থেকে কক্সবাজার শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টায় জানাজা শেষে তৌহিদুর রহমান সোহেলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তরুণ শিক্ষার্থী তৌহিদুর রহমান সোহেলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





