ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে আমন ধানের আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৯৩৫ হেক্টর বেশি জমিতে আমন আবাদ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকলে এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৬২৫ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ২৮ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এ মৌসুমে প্রায় ২৯ হাজার ৫৪০ জন কৃষক আমন চাষে সম্পৃক্ত রয়েছেন।
কৃষি বিভাগ জানায়, উপজেলায় উফশী, স্থানীয় ও হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১ ও দিনাজপুরী পাজাম জাতের প্রতি কৃষকদের আগ্রহ বেশি।
তবে আমন চাষে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। মাঝে মধ্যে বন্যা এবং নদ-নদী ও পাহাড়ি ছড়ার নাব্যতা কমে যাওয়ায় পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটছে। এতে বন্যার পানি কৃষিজমিতে প্রবেশ করে ফসলের ক্ষতি করছে। অন্যদিকে ধানের তুলনামূলক কম বাজারমূল্য নিয়েও উদ্বিগ্ন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার আবু সালেক বলেন, চলতি মৌসুমে উফশী জাতের ধান ২২ হাজার ৪০ হেক্টর, স্থানীয় জাতের ২১০ হেক্টর এবং হাইব্রিড জাতের ৩৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করতে প্রণোদনা, উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে আমন আবাদের পরিমাণ বেড়েছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






