চট্টগ্রামে বাসি খাবার বিক্রি, ৬ হোটেল-প্রতিষ্ঠানকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের ফলমুন্ডিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং রান্না করা বাসি খাবার পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে তিনটি খাবারের হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই দিন কর্ণফুলী এলাকায় পৃথক অভিযানে তিন প্রতিষ্ঠানকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সমন্বয়ে গঠিত একটি দল ফলমুন্ডির তৃতীয় তলায় বিভিন্ন খাবারের হোটেলে অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, কয়েকটি হোটেলে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে। রান্না করা বাসি খাবার পুনরায় বিক্রির উদ্দেশ্যে অপরিচ্ছন্ন ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। এমনকি খাদ্যদ্রব্যের আশপাশে তেলাপোকার বিচরণও দেখা যায়।

এসব অনিয়মের দায়ে নাসির উদ্দিন হোটেলকে ২৫ হাজার টাকা, আল বোরাক টি স্টল অ্যান্ড ঝাল বিতানকে ২০ হাজার টাকা এবং জিলানী ভাতঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, নগরের কর্ণফুলী এলাকায় পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিক্রির অননুমোদিত ওষুধ সংরক্ষণের দায়ে মুনিরিয়া ফার্মেসি ও চট্টগ্রাম কমিউনিটি ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় নমেয়া স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার, মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথ।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই ধরনের অপরাধ পুনরায় না করার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top