শুক্রবার ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়ির দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বাবুনগর মাদ্রাসায় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্মেলনের দুইদিনই উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে ফজর থেকে মাদরাসা প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ সম্মেলন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা তাশরিফ এনেছেন।

সম্মেলনকে ঘিরে মাদরাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীদের সমাগম ঘটছে।

দেশের বিশিষ্ট আলেমদের মধ্যে বয়ান করবেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

আয়োজক সূত্রে জানা যায়, বর্তমান সমাজের সর্বস্তরে ধর্মীয় চেতনা ও চিন্তাধারার বিকাশ এবং ইসলামী আকিদা-বিশ্বাস ও তাহজিব-তামাদ্দুনের প্রতি মুসলিম উম্মাহর অন্তরে অধিকতর আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগমনকে কেন্দ্র করে সম্মেলনে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে।

দুই দিনের এ ধর্মীয় আয়োজনের শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top